শিক্ষককে কান ধরে ওঠবস করানো অপরাধ : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিক্ষককে কান ধরে ওঠবস করানো অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। পেনাল কোড অনুযায়ী, এটি একটি অপরাধ। এর সঙ্গে যারা জড়িত, তাদের নিশ্চয়ই শাস্তি ভোগ করতে হবে। কারণ, আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না।
আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশেষ জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সাংসদের উপস্থিতিতে নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনা নিয়ে সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি এ জবাব দেন।
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিষয়ে দুটি ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন তদন্তের অংশ। পুলিশ যখন আদালতে ময়নাতদন্তের প্রতিবেদন দাখিল করবে, তখন তাদের একটি মন্তব্য থাকবে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। মামলাটি দ্রুত বিচার আইনে নেওয়ার আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করবে।