শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক রাজিব মাহমুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
কিশোরগঞ্জের হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক রাজিব মাহমুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ের সামনের হোসেনপুর বাজার-কুড়িঘাট সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ওই বিদ্যালয়সহ উপজেলার অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে হোসেনপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।
হামলার শিকার শিক্ষকের নাম রাজীব মাহমুদ (৩৩)। তাঁর বাড়ি পাকুন্দিয়া উপজেলা সদরে। তিনি কিশোরগঞ্জ সদরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর রাত ১২টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির কাজ শেষে রাজীব মাহমুদ বিদ্যালয় থেকে মোটরসাইকেলে তাঁর নিজ বাড়ি পাকুন্দিয়া সদরে যাচ্ছিলেন। এ সময় হোসেনপুর কাওনা এলাকা থেকে দুই মোটরসাইকেলে ছয় মুখোশধারী সন্ত্রাসী তাঁর পিছু নেয়। পাকুন্দিয়া দগদগা এলাকার ইসলামিয়া কিন্ডারগার্টেনের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে মোটরসাইকেল থামাতে বলে। তিনি না থামিয়ে দ্রুত চালালে সন্ত্রাসীরা তাঁকে দুই পাশ দিয়ে এলোপাতাড়ি চায়নিজ কুড়াল দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। এ সময় তিনি মোটরসাইকেলের হেলমেট দিয়ে এক সন্ত্রাসীর মাথায় আঘাত করে দৌড়ে চিৎকার করতে করতে জঙ্গলের ভেতর ঢুকে যান। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
রাজীব মাহমুদ বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে কে বা কারা এ হামলা করেছে, তিনি তা বলতে পারছেন না। এ বিষয়ে তিনি পাকুন্দিয়া থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
হোসেনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, তিনি স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন। এ ঘটনার বিচার অবশ্যই হবে।