রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি আবদুল আওয়াল আনসারীকে ক্ষমা চাইতে বাধ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার স্নাতক প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গতকাল কলেজে প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা চলছিল। এই কোর্সের পরীক্ষার্থী ছিলেন ছাত্রলীগ কর্মী ফাহিম। তিনি আগের একটি ইনকোর্স পরীক্ষায় অংশ নেননি। গতকাল বেলা দেড়টায় পরীক্ষা শুরু হয়। কিছুক্ষণ পরে বিভাগের সভাপতি আবদুল আওয়াল আনসারী আগের দিনের পরীক্ষা না দেওয়ার বিষয়টি ফাহিমের কাছে জানতে চান। তখন ফাহিম ঔদ্ধত্যপূর্ণ ভাষায় জবাব দিচ্ছিলেন। এ সময় আবদুল আওয়াল ধমক দিয়ে তাঁকে দাঁড়িয়ে কথা বলতে বলেন। এরপর ফাহিম পরীক্ষা না দিয়ে বাইরে বের হয়ে যান। কিছুক্ষণ পরে তিনি ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি রমজান আলীসহ আরও কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে ওই শিক্ষকের কাছে আসেন। ছাত্রলীগের নেতারা ওই শিক্ষকের উদ্দেশে উল্টাপাল্টা কথাবার্তা বলতে শুরু করেন। এ সময় আবদুল আওয়াল নিজের ভুল হয়েছে বলে ফাহিমের কাছে ক্ষমা চান এবং তাঁকে পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর ফাহিম পরীক্ষার হলে গিয়ে বসেন। অন্যরা তখন বেরিয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষক আবদুল আওয়াল বলেন, নিজের ছোট বাচ্চাকেও অনেক সময় হাত-পা ধরে খাওয়াতে হয়, পড়াতে হয়। তিনি সেই দৃষ্টিকোণ থেকে নিজেই বলেছেন তাঁর নিজেরই ভুল হয়েছে। এ ছাড়া যেসব ছাত্রলীগ নেতা এসেছিলেন, সেখানে তাঁর এটা না করে আর উপায় ছিল না।
ফাহিমের মুঠোফোন নম্বর না পাওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রমজান আলী বলেন, ‘তাঁর সামনে এ রকম কিছু হয়নি। ও ছোট ছেলে, রাগ করে পরীক্ষা না দিয়ে বাইরে এসেছিল। তিনি ওকেই বকাবকি করে সঙ্গে করে নিয়ে গিয়ে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে এসেছেন। শিক্ষকের সঙ্গে তাঁদের কিছু হয়নি।’
কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘সে রকম কিছু হয়নি। ওই শিক্ষকই ছাত্রকে ধমক দিয়েছিলেন। পরে সে আবার পরীক্ষা দিয়েছে। এ নিয়ে খবর করার মতো কোনো ঘটনা ঘটেনি।’