শিক্ষককে খুন করে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের কালীতলা মহল্লায় গতকাল শনিবার অমল চন্দ্র রায় (৬৫) নামের এক শিক্ষককে খুন করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা। এ ছাড়া জেলার রানীনগর উপজেলায় গত শুক্রবার এক বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে একদল ডাকাত।
জানা গেছে, কালীতলা মহল্লায় নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অমল চন্দ্র রায় তাঁর স্ত্রী কল্পনা রানী ও ছেলে অপূর্ব রায়কে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। গতকাল সকাল নয়টায় পরিবারের সবাই একসঙ্গে নাশতা করে কল্পনা কর্মস্থলে ও অপূর্ব ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হন। এরপর ডাকাতেরা বাসায় ঢুকে অমলকে শ্বাসরোধে খুন করে আলমারি ভেঙে প্রায় এক লাখ টাকা, ১০ ভরি ওজনের সোনার গয়নাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। বেলা একটার দিকে ছেলে বাসায় ফিরে আসবাবপত্র তছনছ ও বাথরুমে তাঁর বাবার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে তাঁর লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সদর মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ডাকাতদের চিনে ফেলায় অমলকে হত্যা করা হতে পারে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রানীনগরে ডাকাতি: শুক্রবার রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত উপজেলার বিশিয়া গ্রামের অভয়চন্দ্র প্রামাণিক নামের এক ব্যক্তির বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা অভয়চন্দ্র, তাঁর স্ত্রী রেনুকা বালা এবং কাজের ছেলে বিনয় ও ধনঞ্জয়কে দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা অভয়চন্দ্রের ছেলে সুকুমার প্রামাণিকের ঘরে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রী পপি রানীকে মারধর করে। এতে সুকুমারের মাথা ফেটে যায় এবং তাঁদের শিশুসন্তান নিলয় (৩) খাট থেকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় ডাকাতেরা ঘরের আলমারি ভেঙে সোনার গয়না, নগদ টাকা, মুঠোফোন লুট করে নিয়ে যায়।