শিক্ষককে গালাগাল সাংসদ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের এক শিক্ষককে গালাগাল করার অভিযোগে গতকাল শনিবার কুমিল্লা-৮ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরীকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়।এই ঘটনার পর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোমিনুল হক চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোমিনুল হক চৌধুরী ওই এলাকার বিএনপিদলীয় সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরীর ভাই।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নোমান খন্দকার প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টায় কলেজ পরিচালনা পর্ষদের বৈঠকে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরী। ওই বৈঠকের পর শিক্ষকদের সঙ্গে বৈঠকে কলেজের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার মান ভালো করার ওপর গুরুত্বারোপ করেন সাংসদ। এ সময় সাংসদ সহকারী অধ্যাপক মোমিনুল হক চৌধুরীকে উদ্দেশ করে অবাঞ্ছিত শব্দ ব্যবহার করেন। সাংসদ ওই সময় কলেজের প্রতিষ্ঠাতা ও বিএনপিদলীয় সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরীর পরিবার সম্পর্কেও আপত্তিকর কথা বলেন। পরে সাংসদ বৈঠক শেষ করে চৌয়ারা মাদ্রাসার একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখান থেকে ফেরার পথে মনিরুল হক চৌধুরীর ভাই জহিরুল হক চৌধুরী কিছু লোকজনসহ সাংসদ নাছিমুল আলম চৌধুরীকে কলেজের ফটকের সামনে অবরুদ্ধ করেন এবং তাঁদের পরিবারকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণ জানতে চান। এ সময় সাংসদের অনুসারী আওয়ামী লীগের নেতা-কর্মী ও বিএনপির নেতা-কর্মীরা দুভাগে বিভক্ত হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সাংসদ নাছিমুল আলম চৌধুরী পুলিশের পাহারায় সেখান থেকে চলে যান। পরে বিকেল তিনটার দিকে শিক্ষক মোমিনুল হক চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে।সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মোমিনুল হক চৌধুরীর বিরুদ্ধে অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর ও কলেজের অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নোমান খন্দকার প্রথম আলোকে বলেন, ‘গত ১৫ ডিসেম্বর কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মোমিনুল হক চৌধুরী হেরে যান। এরপর তিনি কলেজের অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনায় মোমিনুল হক চৌধুরীর বিরুদ্ধে আমি সাংসদের নির্দেশে দ্রুত বিচার আইনে মামলা করি। পরবর্তী সময়ে ওই মামলার কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়নি। পরে শিক্ষকেরা সবাই মিলে বিষয়টি সমঝোতা করে নেন।’সাংসদ নাছিমুল আলম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কয়েকবার ফোন করার পর তাঁর ব্যক্তিগত সহকারী ফোন ধরে বলেন, ‘সেখানে তেমন কোনো ঘটনা ঘটেনি।’