শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী এমইউ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অন্যায়ভাবে মারধর করে জামায়াতের সমর্থক দেখিয়ে পুলিশে দেওয়ার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েছে। তারা সকালে বিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে শিক্ষকদের অনুরোধে বিক্ষোভ কর্মসূচি বাতিল করে। পরে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করে।শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সাত-আটটি মোটরসাইকেলে করে কয়েকজন আওয়ামী লীগের নেতা ১৫-২০ জন দলীয় ক্যাডার নিয়ে ওই বিদ্যালয়ে যান। সেখানে গিয়ে কেন নতুন কমিটির প্রস্তাব পাঠানো হয়নি তা জানতে চান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন হরতালের কারণে প্রস্তাবনা পাঠাতে দেরি হয়েছে বলে তাঁদের আশ্বস্ত করতে চাইলে আওয়ামী লীগের নেতারা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তাঁরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাঁর কার্যালয় থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনেন এবং বেদম মারধর করেন। এরপর তাঁকে মোটরসাইকেলে তুলে আমতলী থানায় নিয়ে জামায়াতের সমর্থক হিসেবে পুলিশে সোপর্দ করা হয়। আমতলী থানার পুলিশ বুধবার সকালে তাঁকে আমতলী বিচারিক হাকিম আদালতে হাজির করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে ১৪ মার্চ তাঁর জামিন আবেদন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সদ্য বিদায়ী সভাপতি মো. ফয়সাল তালুকদার অভিযোগ করেন, শিক্ষকদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, যাতে এ নিয়ে কেউ বাড়াবাড়ি না করে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাঁদের কথামতো নতুন আহ্বায়ক কমিটি করে বরিশাল শিক্ষা বোর্ডে প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। হরতালের কারণে তা পাঠাতে দেরি হওয়ায় তাঁকে মারধর করা হয় এবং জামায়াতের সমর্থক হিসেবে পুলিশে সোপর্দ করা হয়েছে। আসলে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন বলে স্থানীয় শিক্ষক সমিতির নেতারা জানিয়েছেন।