শিক্ষককে ঘুষি মেরে ও যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরতলির সাতরা চম্পকনগর এলাকায় মো. সোহাগ (৩২) নামের এক যুবককে লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন মাহবুব আলম নামের আরেক যুবক। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এদিকে জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লার বরুড়া উপজেলায় ইব্রাহীম খলিলকে (৫৮) ঘুষি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় গালিমপুর ইউনিয়নের ধনিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বরুড়া উপজেলার ধনিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
নিহত সোহাগের মা জিরা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় পাঁচ ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। স্ত্রীর সঙ্গে প্রেমের অভিযোগ এনে চম্পকনগর গ্রামের পারভেজ হোসেন ও তাঁর সঙ্গীরা এ হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, সাতরা চম্পকনগর এলাকার পারভেজ হোসেনের সঙ্গে শাসনগাছা এলাকার মো. সোহাগ ও নোয়াপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে মাহবুব হোসেনের বন্ধুত্ব রয়েছে। তাঁরা পরস্পরের বাড়িতে যাওয়া-আসা করেন। এরই মধ্যে পারভেজের স্ত্রীর সঙ্গে সোহাগ ও মাহবুবের সম্পর্ক হয়। বিষয়টি জানতে পেরে শনিবার সন্ধ্যায় পারভেজ তাঁর আরেক বন্ধু দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকার মো. শরীফকে দিয়ে সোহাগকে সাতরা চম্পকনগর এলাকায় ডেকে নেন। মফিজ মিয়ার গ্যারেজের ভিটির সামনে কথা-কাটাকাটির একপর্যায়ে পারভেজ ও তাঁর সঙ্গীরা রড ও লাঠি দিয়ে সোহাগকে এলোপাতাড়ি মারধর করেন। এতে সোহাগ গুরুতর জখম হন। এরপর পারভেজ তাঁর বন্ধু মাহবুবকে ফোনে একই স্থানে ডেকে আনেন। ওই সময় পারভেজ মাহবুবকে বলেন, ‘আমার স্ত্রী কোথায়? ওকে কোথায় লুকিয়ে রেখেছিস।’ এরপর তিনি রড দিয়ে মাহবুবকে পেটাতে থাকেন। এতে তাঁর ডান পা ভেঙে যায়। একই সঙ্গে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের নগরের একটি হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে আটটায় সোহাগ মারা যান।
নিহত সোহাগের বাবার নাম জাহাঙ্গীর আলম। তাঁকে লালনপালন করেছেন শাসনগাছা এলাকার নান্নু মিয়া। এজাহারভুক্ত পাঁচ আসামি হলেন আদর্শ সদর উপজেলার চম্পকনগর গ্রামের পারভেজ হোসেন (২৮), দেবীদ্বারের জাফরগঞ্জ গ্রামের মো. শরীফ (২৭), চম্পকনগর গ্রামের মহিউদ্দিন (২৫), মো. ইমন প্রকাশ ইমান (২৫) ও মাশুক মিয়া (২৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ধনিশ্বর গ্রামের বশত আলীর ছেলে রমজান আলী ও আবদুল বারেক, রঞ্জন আলীর ছেলে হারুনুর রশিদ, বারেকের ছেলে ইসরাফিলের সঙ্গে ইব্রাহীম খলিলের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগামী মঙ্গলবার সালিসে বসার কথা ছিল। গতকাল প্রতিপক্ষ রমজান আলী লোকজন নিয়ে খড়ের মোড়ল দিতে গেলে খবর পেয়ে ধনিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইব্রাহীম খলিল বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ঘুষি মারেন। একপর্যায়ে ইব্রাহীম খলিল মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।