রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে বর্ষবরণের অনুষ্ঠানে বিনা টোকেনে খাবার না দেওয়ায় এক ছাত্রলীগ নেতা এক শিক্ষককে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বর্ষবরণের অনুষ্ঠান চলাকালে খাবার বিতরণের সময় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাহাজুল আমিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এমবিএ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শামীম হোসেন বলেন, বর্ষবরণ অনুষ্ঠানের অংশ হিসেবে গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করছিলেন তিনি। বেলা দেড়টার দিকে রাহাজুল অন্য বিভাগের ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী সঙ্গে নিয়ে এসে খাবার চান। টোকেন ছাড়া খাবার দিতে রাজি না হওয়ায় তাঁকে গালিগালাজ করেন ওই ছাত্রলীগ নেতা। তারপর তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।
শিক্ষক শামীম আরও বলেন, ‘এরপর বেলা সাড়ে তিনটার দিকে আমার মুঠোফোনে একটি কল আসে। এ সময় আমাকে বলা হয়, আপনি রাহাজুলের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আপনার লাশ পড়বে।’