চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে শিক্ষক মফিজুল ইসলামকে ছাত্রলীগ নেতা আনিসুল ইসলাম অকথ্য ভাষায় গালাগাল করায় গতকাল মঙ্গলবার শিক্ষকেরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেছেন।
কলেজ সূত্রে জানা যায়, গত সোমবার কলেজ চলাকালীন দুপুর একটার দিকে কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র (ছাত্রলীগের একাংশের নেতা) আনিসুল ইসলাম কলেজ ইউনিফর্ম (কলেজ পোশাক) ছাড়া শিক্ষক মিলনায়তনে প্রবেশ করেন। এই সময় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মফিজুল ইসলাম তাঁকে ইউনিফর্ম (কলেজ পোশাক) ছাড়া কেন এসেছেন জানতে চাইলে, আনিস তাঁর ওপর মারমুখী হয়ে নানা অকথ্য ভাষায় কথা বলেন এবং হুমকি দেন। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার কলেজের শিক্ষকেরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেন এবং আনিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনেরও হুমকি দেন। আনিসুল ইসলামও বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি বুঝতে না পেরে স্যারের সঙ্গে খারাপ আচরণ করেছি। তাই গতকাল মঙ্গলবার কলেজে গিয়ে উপাধ্যক্ষ সজল কান্তি পালের কাছে ক্ষমা চেয়েছি এবং মফিজ স্যারের কাছেও ক্ষমা চাব।’
এ ব্যাপারে উপাধ্যক্ষ সজল কান্তি পাল বিষয়টি স্বীকার করে বলেন, ‘শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা গতকাল শিক্ষকদের নিয়ে জরুরি সভা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’