শিক্ষককে ছাত্রলীগের লাঞ্ছনা, বহিষ্কার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জনাব আলী (ডিগ্রি) কলেজের এক প্রভাষক ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় গত শনি ও গতকাল রোববার শিক্ষকেরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। কলেজের এক ছাত্র প্রথমবর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে ওই শিক্ষক লাঞ্ছনার শিকার হন। এ ঘটনায় চার ছাত্রকে বহিষ্কার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ছাত্র ও ছাত্রলীগের সমর্থক সুমন খান গত শনিবার প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে কলেজ ছাত্রদলের কর্মীরা সুমনকে মারধর করেন। পরে সুমন তাঁর বন্ধু রিপন, মারুফ, সেজু, আবিদসহ কয়েকজনকে নিয়ে ছাত্রদলের কর্মীদের ওপর হামলার উদ্দেশ্যে কলেজে ফিরে আসেন। কিন্তু কাউকে না পেয়ে তাঁরা অধ্যক্ষের কক্ষসহ দু-তিনটি কক্ষ ভাঙচুর করেন। এ সময় তাঁরা প্রভাষক হায়দারুজ্জামান হানুকেও মারধর করেন।কলেজ সূত্র জানায়, এ ঘটনার প্রতিবাদে ওই দিন দুপুর থেকেই কলেজের সব শিক্ষক ক্লাস বর্জনের কর্মসূচি নেন। গতকালও তাঁদের এ কর্মসূচি অব্যাহত থাকে। পরিস্থিতি নিয়ে কলেজ কর্তৃপক্ষ জরুরি সভায় বসে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, ওই সভায় সুমনসহ চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান জানান, যারা শিক্ষকের ওপর হামলা চালিয়েছে তারা কেউই ছাত্রলীগের নেতা-কর্মী নয়।অধ্যক্ষ শাফিউজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।