শিক্ষককে জিজ্ঞাসাবাদে রিমান্ড আবেদন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। গতকাল বুধবার চট্টগ্রামের জে৵ষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জসীম উদ্দিন খান। আদালত আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।
দিয়াজ হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন শিক্ষক আনোয়ার। মেয়াদ শেষ হওয়ায় গত সোমবার তিনি চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সি মো. মশিয়ার রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
আনোয়ার হোসেনের মুক্তির দাবিতে গত মঙ্গলবার ছাত্রলীগের এক পক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি পালন করে। আরেক পক্ষ তাঁকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণ করার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। দিয়াজের মরদেহের প্রথম ময়নাতদন্ত হয় গত বছরের ২১ নভেম্বর। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে, এমন আলামত ময়নাতদন্তের প্রতিবেদনে মেলেনি। পরে গত বছরের ৬ ডিসেম্বর দিয়াজের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। ওই প্রতিবেদনে বলা হয়, দিয়াজকে শ্বাস রোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।
ছেলেকে হত্যা করা হয়েছে, এ অভিযোগ এনে তাঁর মা জাহেদা আমিন বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। অন্য আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু, সহসভাপতি আবদুল মালেক, মনসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান, প্রচার সম্পাদক রাশেদুল আলম, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য আরিফুল হক এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামশেদুল আলম চৌধুরী।
এক বছরেও হত্যা মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় দিয়াজের মা জাহেদা আমিন গত মাসে অনশন শুরু করেছিলেন। আসামিদের গ্রেপ্তার করা হবে—পুলিশ কর্মকর্তাদের এমন আশ্বাসে ছয় দিন পর ২ ডিসেম্বর অনশন ভঙ্গ করেন তিনি।
দিয়াজ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জসীম উদ্দিন খান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, রিমান্ডের আবেদন মঞ্জুর হলে শিক্ষক আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন, কী কারণে, কারা দিয়াজকে হত্যা করেছে তা বের করার চেষ্টা করা হবে।
শিক্ষক সমিতির উদ্বেগ
ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে কারাগারে প্রেরণ ও এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ উদ্বেগ প্রকাশ করে শিক্ষক সমিতি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মিহির কুমার রায় ও সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ মুয়াজ্জম হোসেন স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দিয়াজ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীকে জেলহাজতে প্রেরণ ও উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সমিতি বিশ্বাস করে করে যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ায় মামলার প্রকৃত বিষয়বস্তু উদ্ঘাটিত হবে এবং বিষয়টির নিষ্পত্তিক্রমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয়।
এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীর মুক্তি ও হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই শতাধিক নেতা-কর্মী। নেতৃত্বে ছিলেন হত্যা মামলার অন্য আসামিরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু, সহসভাপতি মনসুর আলম, আনোয়ারুল রকি, রাকিব উদ্দিন, সাখাওয়াত রায়হান, আবদুল মালেক, যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশ, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ অভি, মো. আরমান, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য আরিফুল হক প্রমুখ।