শিক্ষককে তুলে নিলেন সাংসদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মজিবুর রহমান ফকির শ্রেণীকক্ষ থেকে এক শিক্ষককে তুলে নিয়ে মাথা ন্যাড়া করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলার অনুষ্ঠানে ‘অপছন্দের’ ব্যক্তিদের অতিথি করায় গত মঙ্গলবার শিক্ষক বিল্লাল হোসেনকে এ হুমকি দেওয়া হয়।

বিল্লাল হোসেন উপজেলার ডৌহাখলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সামাজিক সংগঠন ‘ডৌহাখলা উন্নয়ন সংস্থা’র সদস্য। বিল্লাল জানান, এ সংগঠনের পক্ষ থেকে পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল ডৌহাখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসিমের। তিনি বিএনপির সমর্থক। আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি ছিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিনকে প্রধান অতিথি করতে হবে। আয়োজকেরা সিদ্ধান্তে অটল ছিলেন। এ অবস্থায় ১৪ এপ্রিল দুপুরে গৌরীপুর থানার পুলিশ মেলার আয়োজন ভেঙে দেন। আয়োজকেরা গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মেলা আয়োজনের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিনের মধ্যস্থতায় পুনরায় মেলার অনুমতি মেলে।

১৫ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সামীউল আলম। সামীউল গত সংসদ নির্বাচনে গৌরীপুর আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন চাওয়ায় এবং ব্যাপক প্রচারণা চালানোয় সাংসদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সামীউলের বক্তব্য দেওয়ার বিষয়টি সাংসদকে জানান তাঁর সমর্থকেরা। এ নিয়ে বিল্লাল হোসেনের ওপর ক্ষিপ্ত ছিলেন সাংসদ।

শিক্ষক বিল্লাল হোসেন প্রথম আলোকে জানান, মঙ্গলবার দুপুরে তিনি শ্রেণীকক্ষে পাঠদান করছিলেন। এ সময় কাজিম উদ্দিন ও বিদ্যালয় ব্যবস্থাপনা কামটির সদস্য মিজানুর রহমান শ্রেণীকক্ষে গিয়ে তাঁকে বলেন, ‘এমপি সাহেব আপনার সাথে দেখা করতে এসেছেন।’ তিনি (বিল্লাল) ভয়ে যেতে না চাইলে কাজিম উদ্দিন ও মিজানুর রহমান তাঁকে টেনেহিঁচড়ে সাংসদের গাড়িতে তোলেন। সাংসদ গাড়িতেই ছিলেন। তাঁকে বিদ্যালয় থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত কলতাপাড়া বাজারে সাংসদের ব্যক্তিগত কার্যালয় ‘সেবালয়ে’ নিয়ে যাওয়া হয়। সেখানে গৌরীপুর থানার ওসি ও দলীয় কয়েকজন নেতা বসা ছিলেন। সামীউল আলমকে অতিথি করায় এবং উপজেলা নির্বাচনে সাংসদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করায় বিল্লাল হোসেনকে মৌখিকভাবে লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে মাথা ন্যাড়া করে দেওয়ার ভয় দেখানো হয়। ভবিষ্যতে এ রকম আর না করার শর্তে বিল্লাল হোসেনকে ছেড়ে দেওয়া হয়।

বিল্লাল হোসেন গতকাল বুধবার বলেন, ওই ঘটনার পর থেকে তিনি আতঙ্কের মধ্যে আছেন।

ইউপি চেয়ারম্যান আবুল হাসিম নিজেকে বিএনপি-সমর্থক স্বীকার করে ওই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। ওসি মো. হামিদুল ইসলাম বলেন, ‘স্যার (সাংসদ) বিল্লাল হোসেকে প্রয়োজনে ডেকে এনেছিলেন। তাঁকে কোনো ভয়ভীতি দেখানো হয়নি।’

কাজিম উদ্দিন বলেন, বিল্লাল হোসেনও আওয়ামী লীগের কর্মী। এমপি সাহেব তাঁকে কার্যালয়ে নিয়ে দলীয় বিষয়ে শাসন করেছেন। তাঁকে কোনো নির্যাতন করা হয়নি।

সামীউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। পরে সবার অনুরোধে শুভেচ্ছা বক্তব্য দিয়েছি। এর জন্য বিল্লাল হোসেনের ওপর সাংসদ প্রতিশোধ নেবেন তা ভাবিনি।’

এ ব্যাপারে সাংসদ মজিবুর রহমান ফকিরের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।