শিক্ষককে নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রধান শিক্ষককে শারীরিকভাবে নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার হাবড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার রায়কে লাঞ্ছিত করার ঘটনায় বিদ্যালয়ের সামনের সড়কে গতকাল বুধবার ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীরা।
অবিলম্বে প্রধান শিক্ষকের ওপর শারীরিক নির্যাতনের বিচার না করা হলে প্রতিদিন ২ ঘণ্টা করে এক সপ্তাহ মানববন্ধন কর্মসূচির আলটিমেটাম দেন শিক্ষকেরা। এরপরও যদি সুষ্ঠু বিচার না করা হয়, তাহলে ক্লাস বর্জনের ঘোষণা দেন তাঁরা। মানববন্ধনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক (কম্পিউটার) মোছা. রেজিনা পারভীন, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, মো. আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ মোহসিন আলী গত সোমবার বেলা ১১টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করে তাঁকে শারীরিকভাবে নির্যাতন ও বিদ্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।
তবে মোহসিন আলী প্রধান শিক্ষক দিলিপ কুমারকে লাঞ্ছিত করার কথা স্বীকার করেন।