শিক্ষককে নোটিশের প্রতিবাদে মানববন্ধন মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে প্রশাসন কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, মৌন মিছিল, সমাবেশ এবং স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসব কর্মসূচি পালন করেন।জানা গেছে, গত ৩ এপ্রিল একটি জাতীয় দৈনিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও উপাচার্যসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্যায় ও দুর্নীতির তীব্র সমালোচনা করে ‘উচ্চশিক্ষার চালচিত্র’ শিরোনামে একটি প্রতিবেদন লেখেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া। এরপর গত সোমবার কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।জানা যায়, নোটিশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষকেরা গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবির সরণি চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অধ্যাপক শামসুল আলম সেলিম, এ টি এম আতিকুর রহমান, মো. শরিফ উদ্দিন, হিমেল বরকত. সুমন সাজ্জাদ, ফারহানা আখতারসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা মৌন মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এম এ মতিন, নাসিম আখতার হোসাইন, মাফরুহী সাত্তার, রায়হান রাইন প্রমুখ। বক্তারা ১৭ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।