বগুড়ার ধুনটে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে পরাজিত একজন প্রার্থী ও তাঁর সমর্থকেরা এক শিক্ষককে মারধর করে এক ঘণ্টা আটকে রাখেন। গত মঙ্গলবার দুপুরে গোপালনগর ইউএকে উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে ভোট হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কুদ্দুস ও উপজেলা যুবলীগের সদস্য আরিফুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। বেলা দুইটার দিকে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন নির্বাচন শেষে আবদুল কুদ্দুসকে বিজয়ী ঘোষণা করেন। এ সময় আবদুল কুদ্দুসের সমর্থক মনে করে আরিফুর রহমান লোকজন নিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানকে মারধর করেন। একপর্যায়ে ওই শিক্ষক দৌড়ে গিয়ে অফিসকক্ষে ঢুকে পড়েন। হামলাকারীরা তাঁকে অফিসকক্ষে অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে বেলা সাড়ে তিনটায় তাঁকে উদ্ধার করে।আতাউর রহমান বলেন, ‘আরিফুর রহমান নির্বাচনে হেরে আবদুল কুদ্দুসের সমর্থক মনে করে আমাকে মারধর এবং আটক করে রাখে।’ আরিফুর রহমান বলেন, ‘আতাউর রহমান নির্বাচনে পক্ষপাতিত্ব করেছেন। এ কারণে তাঁর ওপর আমার সমর্থকেরা ক্ষুব্ধ ছিলেন। তাই তিনি ভয়ে অফিসকক্ষে পালিয়ে ছিলেন। পরে তাঁকে পুলিশ উদ্ধার করেছে। তাঁকে কেউ মারধর করেননি।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ‘বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানকে পরাজিত প্রার্থী আরিফ অফিসকক্ষে অবরোধ করে রাখেন। খবর পেয়ে ওই শিক্ষককে উদ্ধার করেছি।’ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, আতাউর রহমান কোনো রকম পক্ষপাতিত্ব করেননি। পরাজিত প্রার্থীর লোকজন তাঁকে মিথ্যা অভিযোগে মারধর করে আটকে রাখে।