শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কামরুল হাসান চৌধুরী (৪৮) নামের এক শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
গতকাল সোমবার দুপুরে পৌর শহরের কমলপুর মহল্লার হুমাইরা কোচিং সেন্টারে কামরুল হাসান পিটুনির শিকার হন। কামরুল হাসানের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার বাদাদিয়া গ্রামে।
এলাকাবাসী ও ধর্ষণের শিকার মেয়েটির সঙ্গে কথা বলে জানা গেছে, সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ইংরেজি পড়ার জন্য এক সপ্তাহ আগে হুমাইরা কোচিং সেন্টারে ভর্তি হয়। গত বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীসহ দুজন ছাত্র হুমাইরা কোচিংয়ে ক্লাস করছিল। কিছুক্ষণ পর দুজন ছাত্রকে ছুটি দেওয়া হয়। তারা চলে যাওয়ার পর কক্ষের দরজা বন্ধ করে ওই ছাত্রীকে ধর্ষণ করেন শিক্ষক কামরুল। এর পর থেকে মেয়েটি কোচিং সেন্টারে যাওয়া বন্ধ করে দেয়। গত রোববার সন্ধ্যায় শিক্ষক কামরুল মেয়েটির বাসায় গিয়ে কোচিংয়ে না যাওয়ার কারণ জানতে চান তার মা-বাবার কাছে। এ সময় কোচিংয়ে না যাওয়ার জন্য মা শাসন করতে চাইলে মেয়েটি ঘটনাটি খুলে বলে। এরপর গতকাল দুপুরে মেয়েটির বাড়ির লোকজন ও এলাকাবাসী ওই কোচিং সেন্টারে গিয়ে কামরুলকে পিটুনি দেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিমানবাহিনীর সার্জেন্ট পদে চাকরি করতেন কামরুল। শৃঙ্খলা ভঙ্গ ও চারিত্রিক ত্রুটির কারণে ২০০০ সালে তিনি চাকরি হারান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি ভৈরবে এসে পৌর শহরের কমলপুর হাজি জহির উদ্দিন বিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গত মে মাসে ছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে কামরুলের অপসারণ দাবি করে। পরে তাঁকে চাকরিচ্যুত করা হয়।
এসব ব্যাপারে জানতে চাইলে থানাহাজতে কামরুল ইসলাম মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করে বলেন, ‘আমি দোষ করেছি। কৃতকর্মের ফল ভোগ করছি।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, এ ঘটনায় কামরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।