বিভাগে তালা ঝোলানোর পর এবার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ উঠল। ছাত্রলীগের ওই নেতার নাম মামুন খান। তিনি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থনা এবং প্রকাশনা সম্পাদক। তবে মামুন খান এ অভিযোগ অস্বীকার করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যোগ্যতা না থাকায় মামুন খানকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক গোলাম মইনুদ্দিন। এ নিয়ে শিক্ষকের সঙ্গে মামুন খান বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ওই শিক্ষককে কয়েক দফায় দেয়ালের সঙ্গে ধাক্কা দেন এবং মাথায় এলোপাতাড়ি থাপ্পড় দেন। এ সময় মামুনের হাতের নখ লেগে শিক্ষকের কপাল কেটে যায়।
গোলাম মইনুদ্দিন ‘প্রথম আলো’কে বলেন, ‘বিভাগের নিয়ম অনুযায়ী মামুনের স্নাতকোত্তর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। বিশেষ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অ্যাকাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত দিতে পারে, এখানে আমার কিছু করার নেই বললেই সে আমার গায়ে হাত তোলে।’ এ বিষয়ে তিনি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে মামুন খান বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না।
প্রক্টর মো. মুজিবুর রহমান বলেন, ‘এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ডিসিপ্লিনারি বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। সেখানে এ বিষয়ে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নেব।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ ঘটনার বিচার দাবি করেছে। সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন বলেন, ‘মামুনের নামে এর আগেও বেশ কিছু অভিযোগ আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এ ঘটনার দ্রুত বিচারের দাবি জানাই।’
এ ছাড়া মামুনের বিরুদ্ধে গত বছরের ৯ অক্টোবর সাবেক উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, এর আগে বিশেষ বিবেচনায় পরীক্ষা দিতে না দেওয়ায় মামুন এবং শাখা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ আল জামানের বাধার কারণে গত বছরের ২২ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিস্টারের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এরপর ২৬ সেপ্টেম্বর একই সেমিস্টারের আরেকটি পরীক্ষার দিন বিভাগে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এরপর ওই সেমিস্টারের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিভাগ। এই পরিস্থিতিতে পরীক্ষা কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন গোলাম মইনুদ্দিন।
নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে পাস না করতে পারলেও তাঁকে স্নাতকোত্তর শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে সুযোগ দেওয়া হয়। তবে তাঁকে অবশ্যই প্রথম সেমিস্টার পরীক্ষায় কমপক্ষে ২.৫০ সিজিপিএ পেতে হবে। কিন্তু প্রথম সেমিস্টার মামুনের জিপিএ ১.৬৪ এবং মাহমুদের জিপিএ ০.৮৮।