শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তোসাদ্দক হোসেন কলেজের প্রভাষক সাদাকাত হোসেনকে গত শুক্রবার মারধর করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষকেরা বৈঠক করে তোসাদ্দককে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ওই দিন সন্ধ্যায় স্মারকলিপি দিয়েছেন। কলেজের শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত শুক্রবার ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। কলেজের ২১২ নম্বর কক্ষের পরিদর্শক হিসেবে দায়িত্বরত দর্শন বিভাগের প্রভাষক সাদাকাত হোসেন একজন ছাত্রীকে পরীক্ষার হলে মুঠোফোন ব্যবহার করতে নিষেধ করেন। এ খবর পেয়ে ওই ছাত্রীর আত্মীয় ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি তোসাদ্দক হোসেন কলেজে যান। পরীক্ষা শেষে ওই শিক্ষক কক্ষ থেকে বের হলে তোসাদ্দক তাঁকে লাঞ্ছিত করে পাশের একটি কক্ষে নিয়ে আটকে রাখেন। খবর পেয়ে অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা পুলিশের সহায়তায় শিক্ষক সাদাকাত হোসেনকে উদ্ধার করে অফিস কক্ষে নিয়ে আসার সময় তোসাদ্দক ও তাঁর সহযোগীরা ওই শিক্ষককে লাথি ও ঘুষি মারেন। এ ঘটনায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও তোসাদ্দককে পাওয়া যায়নি। তবে জেলা ছাত্রলীগের সভাপতি আইয়ুব আলী বলেন, ওই শিক্ষককে মারধরের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি মীমাংসা করা হবে। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছি।’