রাজশাহীর বাগমারার মোহনগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল শনিবার মানববন্ধন করেছে। এ সময় কর্মসূচিতে থাকা শিক্ষার্থীদের বেত্রাঘাত করায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা শিক্ষকের ওপর পাল্টা হামলা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমানকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে এবং তাঁকে পুনর্বহালের দাবিতে গতকাল সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করে। বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যেতে বলেন। এ সময় শিক্ষার্থীরা কর্মসূচি ছেড়ে যেতে অপারগতা জানালে নাসির উদ্দিন ক্ষুব্ধ হয়ে তাদের বেত্রাঘাত করেন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ খবরে অভিভাবক ও এলাকার লোকজন ওই শিক্ষকের ওপর ক্ষুব্ধ হন। দুপুর সাড়ে ১২টার দিকে নাসির উদ্দিন বিদ্যালয়ের বাইরে বের হলে ক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা তাঁর ওপর হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থী রাফিউল আলম, সজল, রাজন জানায়, প্রিয় শিক্ষক লুৎফর রহমানকে অন্যায়ভাবে বরখাস্ত করার প্রতিবাদে তারা ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করছিল। তখন সভাপতির পক্ষের শিক্ষক নাসির উদ্দিন তাদের বেত্রাঘাত করেন।
শিক্ষক নাসির উদ্দিন শিক্ষার্থীদের ওপর বেত্রাঘাতের কথা অস্বীকার করে বলেন, তাঁর ওপর বহিরাগত লোকজন হামলা চালিয়েছে।
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম শিক্ষার্থীদের মানববন্ধন ও ক্লাস বর্জনের সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাদের কর্মসূচি প্রত্যাহার করতে বলা হয়েছে।