শিক্ষককে বরখাস্তের দাবিতে ক্লাস বর্জন
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার জয়পুরের আল-জামিয়াতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদকে চূড়ান্তভাবে বরখাস্তের দাবিতে গতকাল শনিবার মাদ্রাসার ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন, মিছিল ও সমাবেশ করেছে।সমাবেশ থেকে তারা ওই শিক্ষককে চূড়ান্তভাবে বরখাস্তের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। মাদ্রাসা সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটার দিকে ক্লাস বর্জন করে তিন শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা ও ঝাঁটা নিয়ে মাদ্রাসা এলাকায় মিছিল করে। পরে বেলা ১১টার দিকে মাদ্রাসা চত্বরে সমাবেশে বক্তব্য দেয় ছাত্র ইমরান হোসেন, শাহিনুর রহমান ও বাবর আলী। কাল সোমবারের মধ্যে ওই শিক্ষককে চূড়ান্তভাবে বরখাস্ত না করা হলে ওই দিন থেকে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয় তারা। মাদ্রাসার সুপার বদরুল ইসলাম জানান, নৈতিক স্খলনজনিত (অবৈধ যৌনাচার ও তার ভিডিও ধারণ) কারণে মাদ্রাসা পরিচালনা পর্ষদ ২০১০ সালের ১৯ আগস্ট শিক্ষক আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করে। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শাহাদৎ হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্য বদরুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে চূড়ান্তভাবে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শাহাদৎ হোসেন বলেন, ‘ওই ঘটনায় দায়ের করা মামলায় আবুল কালাম আজাদ বর্তমানে জামিনে আছেন। এত দিন এ মামলার ফলাফলের অপেক্ষায় ছিলাম। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’