শিক্ষককে মারধর করার প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জ সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ফরিদুল ইসলামকে মারধরের প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে শিক্ষার্থী-শিক্ষকেরা মানববন্ধন করেছেন।
গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বেসরকারি কলেজশিক্ষক সমিতি এ উদ্যোগ নেয়।
গত রোববার সকাল সাড়ে সাতটার দিকে কলেজের সাচিবিকবিদ্যা বিষয়ের প্রভাষক ফরিদুল ইসলামকে পূর্বশত্রুতার জের ধরে মারধর করা হয়। পূর্ব আটঘড়িয়া গ্রামের আবদুল মোমিনসহ ১০ থেকে ১২ জন তাঁকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। আটঘড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। ফরিদুলকে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে সিরাজগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি ও বেগম নূরুননাহার তর্কবাগীশ কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক খান, সাধারণ সম্পাদক ও ফুলজোড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল হান্নান, গ্রামপাঙ্গাসী ডিগ্রি কলেজের প্রভাষক লুৎফর রহমান, সলঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক অলোকবন্ধু তালুকদার প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকারসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।