শিক্ষককে মারধর, ছাত্রলীগের দুই নেতা বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলমকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় গতকাল শনিবার ছাত্রলীগের দুই নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। সিরাজুল অর্থনীতি এবং শামীম ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র।
এদিকে সৈয়দ আলমকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধারের দাবিতে মহাসমাবেশে যোগ দেবে না শিক্ষক সমিতি ও প্রগতিশীল ছাত্রজোট। এই মহাসমাবেশের ডাক দিয়েছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ’। এই পরিষদের সদস্যসচিব হলেন বহিষ্কৃত সিরাজুল ইসলাম।
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কমন রুমের আসবাব কেনার কাজ চেয়েছিলেন ছাত্রলীগের নেতারা। কাজ না পেয়ে গত বৃহস্পতিবার সৈয়দ আলমকে মারধর করেন তাঁরা। সৈয়দ আলম ৮ মার্চ পর্যন্ত রসায়ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ছিলেন। ওই দিন থেকেই শিক্ষাছুটিতে চলে যান তিনি।
শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মৌন মিছিল বের করেন রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের নেতারাও অংশ নেন। বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, বিনা কারণে কয়েক দিন পরপরই শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ। কিন্তু সরকারদলীয় ছাত্রসংগঠন হওয়ায় বিচারের নামে প্রহসন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা।
এ বিষয়ে জানতে অধ্যাপক আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে ঘটনার দিন সৈয়দ আলম সাংবাদিকদের বলেছিলেন, ছাত্র কমন রুমের আসবাব ক্রয় কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। আসবাব কেনার কাজ ছাত্রলীগকে না দেওয়ায় মাথায় অস্ত্র ঠেকিয়ে তাঁকে লাঞ্ছিত করা হয়।
এ অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের নেতা সিরাজুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধারে আজকের মহাসমাবেশকে ভিন্ন খাতে নিতেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। একই কথা বলেন হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। তিনি বলেন, বেদখলে থাকা হলগুলো উদ্ধার হোক, তা চায় না শিক্ষকদের একটি অংশ।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল বালা গতকাল বিকেলে বলেন, শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। নইলে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান ও প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করবেন শিক্ষকেরা।
প্রক্টর অশোক কুমার সাহা সাংবাদিকদের জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভায় দুই ছাত্রকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।