শিক্ষককে মারধর, জগন্নাথে ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলমকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় আজ শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সিরাজুল ইসলাম অর্থনীতি ও শামীম আহমেদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র।


এদিকে কাল রোববার বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ না দেওয়া সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ওই মহাসমাবেশের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ। পরিষদের সদস্যসচিব শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের ‘দরপত্র’ পছন্দের প্রার্থীকে দেওয়া নিয়ে গত বৃহস্পতিবার রসায়ন বিভাগে সৈয়দ আলমের দপ্তরে তাঁকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। সৈয়দ আলম ৮ মার্চ পর্যন্ত ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ছিলেন। সৈয়দ আলমকে লাঞ্ছিত করার ঘটনায় বিচারের দাবিতে আজ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও বিভাগের শিক্ষকেরা জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কমনরুমের আসবাব কিনতে দরপত্র আহ্বান করে ছাত্রকল্যাণ দপ্তর। ওই দরপত্র পছন্দের প্রার্থীকে দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে রসায়ন বিভাগে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। কিন্তু সৈয়দ আলম তাতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার তাঁকে মারধর করেন সিরাজুল ইসলাম ও শামীম আহমেদসহ আরও কয়েক জন।

এ ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টার দিকে ক্যাম্পাসে মৌন মিছিল করেন রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের নেতারা অংশ নেয়। বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে শিক্ষকেরা বলেন, বিনা কারণে কয়েক দিন পরপরই শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ। কিন্তু ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন হওয়ায় বিচারের নামে প্রহসন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তাঁরা।

রসায়ন বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলম সাংবাদিকদের বলেন, ‘ছাত্রকল্যাণের নতুন পরিচালককে হিসাব-নিকাশ বুঝিয়ে দিতে বৃহস্পতিবার ওই দপ্তরে যাই। এ সময় দপ্তরে উপস্থিত থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের পছন্দের প্রার্থীকে টেন্ডার দিতে আমাকে চাপ দেয়। আমি তাতে রাজি না হওয়ায় মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করে ও মেরে ফেলার হুমকি দেয় তারা।’

অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, বৃহস্পতিবার ছাত্রকল্যাণ দপ্তরে ছিলেন না তিনি। এ ছাড়া ওই দিন ক্যাম্পাসে এ ধরনের ঘটনা ঘটেনি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল বালা বলেন, ‘শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান ও প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করবেন শিক্ষকেরা।