চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষককে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রাজধানীর সার্কিট হাউস মসজিদের সামনে এ মারধরের ঘটনা ঘটে।মো. খালিদ হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক। গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ফেরদৌস শাহরিয়ার, রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের মায়নুল ইসলাম ও কামরুল আমিন রিয়াদ, গণিত দ্বিতীয় বর্ষের জয়নুল আবেদিন ও আসাদ রহমান। খালিদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটে মাস্টার্স করছেন। তিনি প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার রাতে শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে যাওয়ার সময় গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার রাতে তাঁকে মারধর করা হয়। মারধর করার সময় তাঁরা বলছিলেন, ‘খুব গণজাগরণের আন্দোলন করে বেড়াস’, ‘অনেক বেশি বাইরা গেছিস’।