শিক্ষককে মারধরের অভিযোগ
দিনাজপুরের হাকিমপুরে বিশাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের এক অফিস সহকারীর বিরুদ্ধে এক শিক্ষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সভা করে ব্যবস্থাপনা কমিটি অফিস সহকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধান শিক্ষক আবদুল কুদ্দুছ জানান, ৯ সেপ্টেম্বর পাঠদান শেষে সহকারী শিক্ষক সুদেব কুমার অষ্টম শ্রেণীর ১০-১২ জন শিক্ষার্থীকে একটি কক্ষে প্রাইভেট পড়াতে বসেন। এ সময় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রিয়াজুল, ফাসমাউনসহ কয়েকজন ওই কক্ষের দরজায় তালা লাগিয়ে দেয়। বিষয়টি নিয়ে ১১ সেপ্টেম্বর অভিযুক্ত ছাত্রদের অভিভাবক ও অন্য অভিভাবকদের নিয়ে বৈঠক হয়। এ সময় ওই ছাত্রদের পক্ষ নিয়ে বিদ্যালয়ের অফিস সহকারী মোয়াজ্জেম হোসেন শিক্ষক সুদেব কুমারকে মারধর করেন।
সুদেব কুমার অভিযোগ করেন, ‘অফিস সহকারী অভিযুক্ত ছাত্রদের পক্ষ নিয়ে আমার ওপর চড়াও হয় এবং কিল-ঘুষি মারে। এ বিষয়ে আমি ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছি।’ অফিস সহকারী মোয়াজ্জেম হোসেন ছাত্রদের পক্ষ নিয়ে ওই শিক্ষককে মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউএনও আজাহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে সুদেব কুমার সরকারকে মারধরের প্রমাণ পাওয়ায় অফিস সহকারী মোয়াজ্জেমকে শনিবার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।