শিক্ষককে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাইলট উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রী বিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
লাঞ্ছনার শিকার ওই শিক্ষক জানান, তিনি দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ বাজারের পাশে বিদ্যালয়ের টিনশেডের বাসায় থাকেন। কয়েক মাস ধরে বিদ্যালয়ের এক খণ্ডকালীন শিক্ষক স্ত্রীকে নিয়ে তাঁর পাশের কক্ষে থাকছেন। কিন্তু ওই শিক্ষকের স্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে অহেতুক ঝগড়া করে দুর্ব্যবহার করছেন। প্রতিবাদ করতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজও করেন। গতকাল বিদ্যালয়ে আসার আগে সকাল সাড়ে নয়টার দিকে ওই নারীর সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, সকাল ১০টার দিকে ওই জ্যেষ্ঠ শিক্ষক বিদ্যালয়ে আসেন। এ সময় ওই নারী কার্যালয়ে ঢুকে কাঠের টুকরো দিয়ে শিক্ষকের মাথায় আঘাত করেন। অন্য শিক্ষকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত শিক্ষক জানান, তাঁকে আঘাত করার পর ওই নারী তাঁর মেয়েকেও মারধর করেন। পরে ঘটনা জানাজানি হলে ঘরে তালা দিয়ে চলে যান। কথা বলতে ওই নারীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।