শিক্ষককে মারধরের অভিযোগ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আটিদাশড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে গত মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কয়েকজন সদস্য পিটিয়ে রেজুলেশন বই ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক কামরুজ্জামান মঙ্গলবার রাতে ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ করেছেন।প্রধান শিক্ষকের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খান কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে ঢোকেন। শিক্ষক নিয়োগসংক্রান্ত বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সভাপতি প্রধান শিক্ষকের কাছ থেকে রেজুলেশন বই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে জিল্লুর রহমান, কমিটির সদস্য ছামছুদ্দিন, মনছুর আলী, আনোয়ার হোসেন, দেলোয়ারা বেগমসহ কয়েকজন তাঁকে পিটিয়ে রেজুলেশন বইটি ছিনিয়ে নেন।প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, ‘তাঁদের কথামতো নিয়োগ-বাণিজ্য না করায় আমার এই পরিণতি। ভালো শিক্ষক নিয়োগ দিতে চাইলেই এ ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সভাপতি ও কয়েকজন সদস্য আমাকে লাঞ্ছিত করে রেজুলেশন বই ছিনিয়ে নিয়েছেন।’ বিদ্যালয়ের সভাপতি জিল্লুর রহমান তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্যালয়ে মারধরের কোনো ঘটনা ঘটেনি। বিদ্যালয়ের রেজুলেশন বইয়ে প্রধান শিক্ষক টেম্পারিং (কাটাছেঁড়া) করেছেন। সেটাই আমরা দেখতে গিয়েছিলাম।’