শিক্ষককে মারধরের ঘটনায় মামলা দুই শিক্ষক আটক, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি মোহামঞ্চদ আলী আকন্দকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে হত্যাচেষ্টার অভিযোগে বিভাগের সাত শিক্ষকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন তিনি।মামলা করার দুই ঘণ্টা পর রাত দেড়টার দিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে আটক করে পুলিশ। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানা থেকে আটককৃত দুই শিক্ষককে ছাড়িয়ে নিয়ে যান শিক্ষক সমিতির নেতারা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতির নেতারা ওই দুই শিক্ষক অসুস্থ বলে দাবি করেন এবং অসুস্থতার সনদ দাখিল করেন। এরপর ওসির বিশেষ ক্ষমতাবলে দুই শিক্ষকের চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে থানাহাজত থেকে ছাড়া পাওয়ার পর শিক্ষক তালিম হোসেন ও নূহু আলম অভিযোগ করেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।দুই শিক্ষককে থানা থেকে ছাড়িয়ে আনা প্রসঙ্গে শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য ওই দুই শিক্ষককে ছাড়িয়ে আনা হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রশাসনিক কোনো সিদ্ধান্ত ছাড়া মধ্যরাতে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশের মাধ্যমে শিক্ষকদের গ্রেপ্তারের বিষয়টি দুঃখজনক। আলী আকন্দের সহধর্মিণী ও একই বিভাগের শিক্ষক সানজিদা মুবাশশারা বলেন, বিভাগের কয়েকজন শিক্ষকের অন্যায়ের প্রতিবাদ করায় ওই শিক্ষকেরা বুধবার সন্ধ্যার দিকে নির্মমভাবে আলী আকন্দকে মারধর করেন। তিনি মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। তাঁকে সাভারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সানজিদা মুবাশশারা জানান, উপাচার্যের সঙ্গে দেখা করে আলী আকন্দের শারীরিক অবস্থা জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।এদিকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে গতকাল উপাচার্য বরাবর সঞ্চারকলিপি দিয়েছেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের একাধিক সূত্রে জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভাগের সাত শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহার করে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ তোলেন আলী আকন্দ। পরে বিভাগের নয়জন শিক্ষক আলী আকন্দের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। এ নিয়ে গত বছরের ২৬ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিবেদন জমা দেয়নি। উল্টো কমিটির সভাপতি সহ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন কমিটি থেকে পদত্যাগ করেন। এরপর গত সোমবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিনকে ওই কমিটির সভাপতি করা হয়। এরপর আলী আকন্দের পদত্যাগের দাবিতে উদ্ভিববিজ্ঞান বিভাগের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন ওই শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘দুই শিক্ষকের আটকের বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট থানায় খোঁজখবর নেন।’ এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের বিশেষ সিনেট অধিবেশন স্থগিত ঘোষণা করেছে। গতকাল জনসংযোগ অফিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।