শিক্ষককে মেরে তাঁর নামে নারী নির্যাতনের মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে শোকজ করায় রাজশাহীর বাঘায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার স্বামী মারধর করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামের দাঁত ভেঙে দিয়েছেন। আহত শিক্ষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাঘা থানায় মামলা হয়। শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গত ৩১ মার্চ সকালে উপজেলার খুর্দ্দবাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচারের দাবিতে অন্য শিক্ষকেরা বিদ্যালয় বন্ধ করে দেন। এরপর ৩ এপ্রিল ওই শিক্ষিকা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষিকা আসমাতুন নূর বিদ্যালয়ে প্রায়ই অনুপস্থিত থাকেন। এ নিয়ে স্কুল পরিচালনা কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মার্চ প্রধান শিক্ষক তাঁকে শোকজ করেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাঠান। পরের দিন সকালে সহকারী শিক্ষিকা আসমাতুন নূর তাঁর স্বামী শরীফুল ইসলাম ওরফে বাচ্চুকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসেন। শোকজের বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে শরীফুল ইসলাম প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামকে মারধর করেন। এতে তাঁর দুটি দাঁত ভেঙে যায়।মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান বলেন, আসামিরা দুজনই জামিন নিয়েছেন। প্রধান শিক্ষকের নামে মামলা করার কথা শুনে সাইদুর রহমান জানান, তিনি একজন মুক্তিযোদ্ধা। বয়স্ক মানুষ। বিষয়টা তদন্ত হলেই সত্য বেরিয়ে আসবে। গত ৩১ মার্চ ঘটনার পরে সহকারী শিক্ষিকা আসমাতুন নূর প্রথম আলোকে বলেছিলেন, তাঁর স্বামী একাই মারেননি, তাঁর স্বামীকেও মারা হয়েছে। তিনি বলেন, ৭ মার্চ ছুটি চাইলে প্রধান শিক্ষক কারণ জানতে চান। তিনি কারণ বলা যাবে না বললে প্রধান শিক্ষক তাঁকে বাজে কথা বলেন। এ নিয়েই ঘটনার সূত্রপাত।প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বলেন, তিনি গত বৃহস্পতিবার রাতে এই মামলার কথা শুনেছেন।