শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক নারী শিক্ষককে (২২) উত্ত্যক্ত ও যৌন নির্যাতনের অভিযোগে গতকাল রোববার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষকের বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলা সদর বাজার এলাকার একটি বাসার সামনে ওই শিক্ষিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে পাশের মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের শ্যামল মিয়া (৩২), মামুন মিয়া (২৫) ও ধরমপাশা সদর ইউনিয়নের কান্দাপড়া গ্রামের মোশারফ হোসেন (৪০) নামের তিনি ব্যক্তি তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। তাঁরা নানা রকম অশ্লীল মন্তব্য করতে থাকলে শিক্ষিকা এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই তিনজন শিক্ষিকাকে টানাহেঁচড়া শুরু করেন এবং তাঁকে যৌন হয়রানিও করেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে শ্যামল ও মোশারফ দৌড়ে পালিয়ে যান। মামুনকে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী।
ধরমপাশা থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় ওই শিক্ষিকার বাবা মামলা করেছেন।