কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে কুষ্টিয়া পৌরসভার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। কামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক।এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ-সমাবেশ করেন। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও সমাবেশ করেছেন।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন পৌরসভার সামনে বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চলন্ত মোটরসাইকেল থেকে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে পালিয়ে যান। অল্পের জন্য গুলি তাঁর গায়ে লাগেনি।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিয়ার রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্য নিয়ে বিরোধ চলে আসছে। পুলিশ গুলিবর্ষণের বিষয়টি খতিয়ে দেখছে।গত বছর বিশ্ববিদ্যালয়ে ১১২ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ শাহজাহান আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। গত ডিসেম্বরে উপাচার্য এবং চলতি বছরের জানুয়ারিতে সহ-উপাচার্যকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেন রাষ্ট্রপতি।