শিক্ষককে লাঞ্ছনা প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ
পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষককে গতকাল রোববার মারধর করা হয়েছে। ওই শিক্ষকের নাম মো. ফজলুল করিম।
এ ঘটনার প্রতিবাদে ওই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মাদ্রাসা মাঠে বিক্ষোভ করেছেন।
গতকাল সকাল পৌনে ১০টার দিকে ওই মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে ঢুকে আবদুর রহমান ওরফে কুট্টি (৩৮) নামে যুবলীগের স্থানীয় এক কর্মী ওই শিক্ষককে মারধর করেন।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক সূত্র জানায়, তিন বছর আগে ২২ শতাংশ জমি পাঁচ বছরের জন্য বন্ধক রেখে যুবলীগের কর্মী আবদুর রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন শিক্ষক ফজলুল করিম। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ওই টাকা দাবি করেন আবদুর রহমান। দিতে না পারায় তাঁকে মারধর করেন আবদুর রহমান।
ফজলুল করিম বলেন, গতকাল সকালে তিনি মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করছিলেন। ওই সময় পেছন দিক থেকে আবদুর রহমান এসে বলেন ‘টাকা দে, টাকা আনছোছ?’ জবাবে ‘না’ বলতেই পেটাতে শুরু করেন আবদুর রহমান। ফজলুল করিম কাঁদতে কাঁদতে আরও বলেন, ‘অভাবের কারণেই জমি বন্ধক রেখে টাকা এনেছি।’
আবদুর রহমান বলেন, ‘মারধর করিনি। পাওনা টাকা না দেওয়ার কারণে মাদ্রাসা মাঠে তাঁর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।’