শিক্ষককে লাঞ্ছনা, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার বেলা ১১টায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির গণিতের ক্লাস চলছিল। তিন দিন অনুপস্থিত থাকার পর স্কুলে আসে নারিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহউদ্দিন দরানীর ছেলে হানজালা নাবিল দরানী। এ সময় শ্রেণিশিক্ষক মো. সোলায়মানকে ক্লাসের পড়া দিতে পারেনি সে। এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে হানজালাকে একটা থাপ্পড় দেন শিক্ষক। পরে হানজালা বাড়িতে গিয়ে তার বাবার কাছে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে। সালাহউদ্দিন দরানী স্কুলে গিয়ে ওই শিক্ষককে মিলনায়তনে ডেকে এনে বকাঝকা করেন এবং থাপ্পড় দেন।

এ খবর স্কুলে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় চলে আসে। তারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং এক ঘণ্টা ঢাকা-দোহার সড়ক অবরোধ করে রাখে।

সালাহউদ্দিন দরানী বলেন, ‘তাঁকে (শিক্ষক) বকাঝকা করেছি। শরীরে হাত দিইনি।’