শিক্ষককে লাঞ্ছনাকারীর কঠোর শাস্তির দাবি
শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ও লাঞ্ছনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেছেন৷ গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনের সৈয়দপুর-রংপুর সড়কে ওই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শিক্ষককে লাঞ্ছনাকারী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্যের পদ বাতিলের দাবি জানানো হয়৷ এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা অংশ নেন৷ এ সময় শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী ও অভিভাবকেরা শিক্ষককে মারধর করা অভিভাবক সদস্য আতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন৷ সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ওই অভিভাবক সদস্যের বিচারের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে তাঁরা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন৷
কর্মসূচি আয়োজনে সম্পৃক্ত কয়েক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন চলছে৷ গত রোববার ওই বিদ্যালয়ের নাম নিবন্ধন উপকমিটির সদস্য ও জ্যেষ্ঠ শিক্ষক প্রতীম চন্দ্র দাস বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের বোর্ডের নিবন্ধন ফি জমা করতে বলেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আতিউর রহমানের মেয়ে নবম শ্রেণির মানবিক শাখার ছাত্রী মোছা. আজমিরা আক্তারকেও একই কথা বলেন তিনি৷ পরে এ কথা শুনে আতিউর রহমান ওই শিক্ষকের ওপর ক্ষুব্ধ হন৷ পরদিন সোমবার দুপুরে বিরতিতে বিদ্যালয়ের পাশের কামারপুকুর বাজারে নাশতা খেতে যান প্রতীম চন্দ্র দাস৷ এ সময় আতিউর রহমান শ্রেণিকক্ষে কেন তাঁর মেয়ের কাছে বোর্ড ফি চাওয়া হয়েছে সেটার কৈফিয়ত চান প্রতীমের কাছে৷ এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করেন আতিউর রহমান৷ পরে ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। এ ঘটনায় তাঁরা তাৎক্ষণিকভাবে বৈঠকে বসে শিক্ষককে লাঞ্ছনাকারী অভিভাবক সদস্যের সদস্যপদ বাতিলের দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবারের (গতকাল) সব ষাণ্মাসিক পরীক্ষা বর্জন ও মানববন্ধন করার সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত অনুযায়ী গতকাল কামারপুকুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনের মুঠোফোনে কয়েক দফা ফোন করেও বন্ধ পাওয়া যায়৷
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাছিমা খাতুন বলেন, ‘অভিভাবক সদস্য ও শিক্ষকের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। ওই দিন বিকেলেই আমরা মীমাংসা করে দিয়েছি। তার পরও শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন৷’