শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদ
দেশের বিভিন্ন স্থানে কলেজের শিক্ষকেরা গতকাল রোববার কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। এইচএসসি পরীক্ষা চলাকালে ৯ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শিক্ষক মোনতাজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে ওই শিক্ষককে আশরাফুলের পা ধরে ক্ষমা চাইতে বলেন। একপর্যায়ে ওই শিক্ষক বাধ্য হয়ে আশরাফুলের পা ধরে ক্ষমা চান। ওই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিসিএস সাধারণ (শিক্ষা) সমিতি এসব কর্মসূচির আয়োজন করে।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সুনামগঞ্জ: সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষকেরা কর্মবিরতি চলাকালে বেলা ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, শিক্ষক কল্পনা তালুকদার, বিসিএস শিক্ষক সমিতির কলেজ শাখার সাধারণ সম্পাদক মুন্তাসার বিল্লাহ প্রমুখ। বক্তারা শিক্ষককে লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ময়মনসিংহ: মুমিনুন্নিসা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। শহরের টাউন হল মোড়ে বেলা সাড়ে ১১টায় ওই মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষক ও মুমিনুন্নিসা সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা এ ঘটনায় ভান্ডারিয়ার ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
টাঙ্গাইল: বিসিএস সাধারণ শিক্ষা সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে জেলার সব সরকারি কলেজে গতকাল কর্মবিরতি পালন করা হয়েছে। এ ছাড়া দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। নেত্রকোনা: নেত্রকোনা সরকারি কলেজ, মহিলা কলেজ ও মদন আবদুল আজিজ খান সরকারি কলেজে গতকাল কর্মবিরতি পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা সরকারি কলেজ ফটকের সামনে পূর্বধলা-নেত্রকোনা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে তিনটি কলেজের প্রায় ২০০ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী অংশ নেন।
মৌলভীবাজার: মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভায় মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার মহিলা কলেজ ও শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিবাদ সভায় বক্তব্য দেন শিক্ষক আবদুল হামিদ সেলিম, শাহ আবদুল অদুদ, মো. আবদুল মালিক, পার্থ প্রতীম চক্রবর্তী, মোহাম্মদ আবদুল হালিম প্রমুখ।
শেরপুর: শেরপুর সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে শিক্ষকেরা কর্মসূচি পালন করেন। এ কারণে গতকাল কলেজ দুটিতে পাঠদান ও পরীক্ষা বন্ধ ছিল।
কুমিল্লা: বেলা ১১টায় নগরের কান্দিরপাড়ের টাউন হলের সামনের সড়কে মানববন্ধন হয়। এতে অংশ নেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইন্দুভূষণ ভৌমিক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নাজনীন রহমানসহ বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকেরা। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি কলেজে গতকাল কর্মবিরতি পালন করা হয়।