শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন l ছবি: প্রথম আলো
পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন l ছবি: প্রথম আলো

পিরোজপুরের ভান্ডারিয়ায় কলেজশিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে দক্ষিণাঞ্চলের তিন জেলায় শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল রোববার ওই সব কর্মসূচি পালন করা হয়।
৯ এপ্রিল ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করতে যান সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল ইসলাম। তিনি একটি কক্ষের এক বেঞ্চে দুজন পরীক্ষার্থীকে পাশাপাশি বসে পরীক্ষা দিতে দেখেন। তখন তিনি কক্ষ পরিদর্শক ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিনকে ওই পরীক্ষার্থীদের দূরে সরিয়ে বসাতে বলেন। মোনতাজ উদ্দিন তা না করে আশ্রাফুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখানে গেলে মোনতাজ উদ্দিন ভুল স্বীকার করে আশ্রাফুল ইসলামের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হন।
ফরিদপুর: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতি ফরিদপুরের উদ্যোগে সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ নেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হাসিনা বানু, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম এম শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ৮ মের মধ্যে ঘটনার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ ঘটনার তদন্তে যে চারটি কমিটি গঠন করা হয়েছে, তাদের নিরপেক্ষ প্রতিবেদনের ভিত্তিতে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
একই দাবিতে বেলা ১১টায় মধুখালী উপজেলার সরকারি আইনউদ্দিন কলেজের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা কর্মবিরতি ও কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে সরকারি কলেজগুলোর শিক্ষকেরা অংশ নেন। এরপর কলেজের উপাধ্যক্ষ গীতা রানী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সচিব সদানন্দ গাইন, প্রভাষক কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ।
মঠবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এ ছাড়া পিরোজপুর সরকারি মহিলা কলেজ, ভান্ডারিয়া সরকারি কলেজ ও সরকারি স্বরূপকাঠী কলেজের শিক্ষকেরা একই কর্মসূচি পালন করেন।
বাগেরহাট: বিসিএস সাধারণ শিক্ষক সমিতি সরকারি পিসি কলেজ শাখা সকালে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করে। শিক্ষকদের ওই কর্মসূচির সঙ্গে শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে। এ সময় শিক্ষক নেতারা বলেন, অধ্যাপক মোনতাজ উদ্দিন আহমেদকে যাঁরা লাঞ্ছিত করেছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে শিক্ষক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সভাপতি নাসরিন বেগম, মহাসচিব আই কে সেলিমুল্লাহ খন্দকার, নির্বাহী সদস্য মো. শাহ আলম ফরাজী প্রমুখ।