শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে মিছিল মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার গোপালগঞ্জে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকেরা মানববন্ধন ও মৌন মিছিল করেছেন। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে শিক্ষকেরা এই মানববন্ধন করেন। পরে একটি মৌন মিছিল শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন হাজি লাল মিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক আবু সাইদ আবদুল্লাহ। পরে জেলা প্রশাসকের কাছে তাঁরা স্মারকলিপি পেশ করেন।গত ১২ এপ্রিল এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় লাল মিয়া সিটি কলেজের ৯ নম্বর কক্ষে পরীক্ষার্থী আবদুল্লাহ-আল নোমান নিজ আসন ছেড়ে তাঁর সুবিধামতো একটি আসনে বসে নকল করতে থাকে। কক্ষ পরিদর্শক নির্মলেন্দু বিশ্বাস এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে নোমান তাঁর বন্ধুদের নিয়ে তাঁকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ ব্যাপারে কলেজের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।