শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে তিন ছাত্র বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর হারুণ-অর-রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার বিকেলে উপাচার্য রুহুল আমিনের সভাপতিত্বে বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় ওই তিন ছাত্রকে বহিষ্কার করা হয়।
প্রক্টর হারুণ-অর-রশিদ জানান, ৩ ডিসেম্বর এমএস পরীক্ষা চলাকালে ভেটেরিনারি মেডিসিন বিভাগের ছাত্র আরিফুজ্জামান মুঠোফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হন। পরে ক্ষিপ্ত আরিফুজ্জামান কৃষি অনুষদের লেভেল-৪ সেমিস্টার-২-এর ছাত্র মাহমুদুল এবং ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র আসাদুজ্জামানসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহসানের কক্ষে যান। পরে ওই শিক্ষককে লাঞ্ছিত এবং কক্ষ ভাঙচুর করেন। পরে এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আরিফুজ্জামানকে চিরতরে, মাহমুদুল হাসানকে দুই সেমিস্টারের জন্য ও আসাদুজ্জামানকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।