শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, এক কর্মচারী এবং তাঁর স্ত্রী ও মেয়েকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ঝাড়ুদার রহিছ খান (৪৫) ছয় বছর আগে একই এলাকার হুমায়ুন মিয়ার কাছ থেকে মাসে ২ হাজার ৭০০ টাকা সুদ দেওয়ার শর্তে ৩০ হাজার টাকা ঋণ নেন। ইতিমধ্যে রহিছ শুধু সুদ বাবদ হুমায়ুনকে দেড় লক্ষাধিক টাকা দেন। দুই মাস আগে রহিছ খান মূল টাকা পরিশোধ করার প্রস্তাব করলে হুমায়ুন বেঁকে বসেন। এ সময় হুমায়ুন ও তাঁর লোকজন ৬৫ হাজার টাকা দাবি করেন। পরে রহিছ খানের স্বাক্ষর করা একটি খালি চেক রেখে হুমায়ুন বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেন। কিন্তু গত সেপ্টেম্বর মাসে ১ লাখ ২২ হাজার টাকার চেক জালিয়াতির অভিযোগে হুমায়ুন রহিছের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে রহিছের স্ত্রী ও মেয়ে উপজেলা সদরে হুমায়ুনের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। সেখানে একপর্যায়ে হুমায়ুন ও তাঁর দুই ছেলে সোলার্স মিয়া (২৫) ও সবুজ মিয়া তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিকেল পৌনে চারটার দিকে সেখানে পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান ও একটু পরে সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং রহিছ খান যান। এ সময় আইয়ুব খানকে হুমায়ুন গালাগাল করেন এর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে ইউএনওর কার্যালয়ে যায়।
ইউএনও মোহাম্মদ এমরান হোসেন তাঁর কার্যালয়ের সামনে হুমায়ুনের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে। রাত আটটার দিকে রহিছের স্ত্রী তাঁদের লাঞ্ছিত করার বিচার চেয়ে ইউএনওর কাছে আবেদন করেন। রাত একটার দিকে রহিছ খান থানায় হুমায়ুনকে ৫০ হাজার টাকা দিলে ঘটনার মীমাংসা হয়। প্রধান শিক্ষক আইয়ুব খান বলেন, রহিছকে হুমায়ুনের হাত থেকে রক্ষা করতে গিয়ে তিনি নাজেহাল হয়েছেন। হুমায়ুন বলেন, ‘লোকজন প্রয়োজনে কাকতিমিনতি করলে আমি তাদের টাকা দিই। তবে আমি কাউকে লাঞ্ছিত করিনি।’
ইউএনও এমরান বলেন, প্রধান শিক্ষক তাঁকে নাজেহালের প্রতিকার চেয়ে আবেদন করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।