ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক তপন কুমার রায়কে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কলেজের ছাত্রছাত্রীরা কলেজ চত্বরে গতকাল দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। এ সময় কলেজের শিক্ষকেরাও ছাত্রছাত্রীদের ওই কর্মসূচিতে যোগ দেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক মো. বদরুল হুদা। বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক একরামুল হক, হামলার শিকার রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক তপন কুমার রায়, সহযোগী অধ্যাপক মীর্জা আবদুল বারি, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ওই কলেজ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১০টায় রাষ্ট্রবিজ্ঞান ক্লাসের শুরুতে শিক্ষক তপন কুমার রায় খাতায় শিক্ষার্থীদের হাজিরা নেওয়া শুরু করেন। এ সময় তিনজন ছাত্র বেঞ্চের ওপর দিয়ে হেঁটে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যেতে থাকলে তপন কুমার তাঁদের ডাকেন। এরপরও তাঁরা ক্লাস থেকে বের হয়ে যান। তিনি কক্ষের বাইরে এসে তাঁদের ক্লাসে ফিরে আসার জন্য বোঝান। তাঁরা কথা না শুনে চলে যান। পাঠদান শেষে বের হতেই কলেজের ১৩-১৪ জন ছাত্র ওই শিক্ষককে অকথ্য ভায়ায় গালাগাল দেন ও ধাক্কাধাক্কি করতে থাকেন। একপর্যায়ে ওই শিক্ষককে টেনেহিঁচড়ে মাঠের দিকে নিয়ে যেতে থাকলে সাধারণ ছাত্ররা এসে স্যারকে মুক্ত করেন। এরপর হামলাকারীরা কলেজ চত্বরে ‘অমুকের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘অমুকের চামড়া তুলে নেব আমরা’সহ নানা স্লোগান দেন। এ সময় ছাত্রলীগের সদস্য ও সাধারণ ছাত্ররা তাঁদের মিছিল করা থেকে বিরত করেন। এ ঘটনার পরপরই সোমবার দুপুরে শিক্ষক মিলনায়তনে কলেজের শিক্ষক পরিষদের জরুরি সভা হয়। সভায় ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঘটনার বিচারের দাবিতে তাঁরা আজ (মঙ্গলবার) কালব্যাজ ধারণ করার সিদ্ধান্ত নেন।
ছাত্রলীগ পীরগঞ্জ সরকারি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি রিগান হাবিবুর রহমান বলেন, ‘তিনি আমাদের শ্রদ্ধেয় স্যার। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
লাঞ্ছিত শিক্ষক তপন কুমার বলেন, ‘এ ধরনের ছাত্রকে বহিষ্কার না করা হলে কলেজের শিক্ষার পরিবেশ ভালো হবে না।’
কলেজের চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. বদরুল হুদা বলেন, ‘যে তিনজন ছাত্রের উসকানিতে বহিরাগতরা শিক্ষকের ওপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করেছে, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার তাগিদে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’