শিক্ষককে লাঞ্ছিত করায় আড়াই বছর কারাদণ্ড
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় সোলায়মান তালুকদার (২৬) নামের এক ব্যক্তিকে আড়াই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আরিফুল ইসলামকে (২২) খালাস দেওয়া হয়।
পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম ছুমিয়া খানম মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অমলেন্দু মিত্র ২০১৩ সালের ৬ এপ্রিল দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর গায়ে রং মেখে দেয় বখাটেরা। এ ঘটনায় অমলেন্দু মিত্র বাদী হয়ে উপজেলার বড় মাছুয়া গ্রামের সোলায়মান তালুকদার ও আরিফুল ইসলামকে আসামি করে দ্রুত বিচার আইনে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ১৪ এপ্রিল মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ঘটনার পর থেকে সোলায়মান পলাতক।