শিক্ষককে লাঞ্ছিত করায়...
রাজশাহীর বাগমারা উপজেলার ভানসিপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল শনিবার হামলাকারীদের বাড়িঘর ভাঙচুর ও ক্লাস বর্জন করেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভানসিপাড়া উচ্চবিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষক আজমল হোসেন গত বৃহস্পতিবার নবম শ্রেণীর ইতিহাস ক্লাসে পড়া না পারায় শিক্ষার্থীদের শাসন করেন। এর মধ্যে পিদ্দপাড়া গ্রামের আবেদ আলীর মেয়ে আসমা খাতুন ঘটনা বাড়িতে জানালে তার বাবা শিক্ষকের ওপর ক্ষুব্ধ হন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে শিক্ষক আজমল হোসেন বাইসাইকেলে চড়ে বিদ্যালয়ে আসার পথে আবেদ আলীর গতিরোধ করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ওই শিক্ষককে পিটিয়ে জখম করেন। পরে শিক্ষক বিদ্যালয়ে এসে ঘটনা জানালে শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এক কিলোমিটার দূরে পিদ্দপাড়া গ্রামে গিয়ে আবেদ আলীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় শিক্ষার্থীদের হাতে বাড়ির লোকজনও লাঞ্ছিত হয়।বিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রশিদ, তোফাজ্জল হোসেন ও ফিরোজ জানায়, শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে বিদ্যালয়ের সব শিক্ষার্থী গতকাল ক্লাস বর্জন করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান বলেন, ‘শিক্ষককে লাঞ্ছিত করার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ শিক্ষক আজমল হোসেন বলেন, ‘শ্রেণীকক্ষে সব শিক্ষার্থীকে শাসন করা হয়েছে। কেউ কিছু না বললেও আবেদ আলী আক্রোশমূলক আমার ওপর হামলা চালিয়েছেন।’ এ ব্যাপারে আবেদ আলী বলেন, ‘আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি আমার ওপর চড়াও হন। আবার শিক্ষার্থীরা গতকাল আমার বাড়িতে হামলা চালিয়েছে।’