শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযুক্ত শিক্ষকের স্থায়ী চাকরিচ্যুতির দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
অভিযুক্ত শিক্ষকের স্থায়ী চাকরিচ্যুতির দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে চাকরি থেকে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান। সন্ধ্যায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। যৌন হয়রানির প্রতিবাদে কালো কাপড় দিয়ে অপরাজেয় বাংলা ও রাজু ভাস্কর্যের চোখ বেঁধে দিয়েছেন তাঁরা।
যৌন হয়রানির শিকার থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী বিকেলে শাহবাগ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক বলেন, যৌন নিপীড়নের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, ন্যক্কারজনক ও নিন্দনীয়। এটি প্রকাশ করে ওই ছাত্রী সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকেরা যৌন নিপীড়নের চর্চা করে থাকেন, এ ঘটনা তারই একটি প্রতিফলন।
সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের ক্ষেত্রে এ আইনের প্রয়োগ হয় না। তিনি ওই শিক্ষককে স্থায়ী বরখাস্ত করার পাশাপাশি রাষ্ট্রীয় আইনের প্রতিফলন ঘটানোর দাবি জানান।
এর আগে গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় অধ্যাপক সাইফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তাঁকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।
যৌন হয়রানির অভিযোগে সোমবার দুই দফায় প্রায় নয় ঘণ্টা অধ্যাপক সাইফুল ইসলামকে প্রথমে শ্রেণিকক্ষে ও পরে তাঁর কক্ষে তালাবদ্ধ করে রাখেন বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, পরীক্ষার খাতায় নম্বর-সংক্রান্ত জটিলতার কথা বলে গত শনিবার অধ্যাপক সাইফুল এক ছাত্রীকে নিজ বাসায় ডেকে নিয়ে যৌন হয়রানি করেন।