চট্টগ্রামের পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন গার্লস হাইস্কুলের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ওই স্কুলের এক শিক্ষককে আগামী ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে গতকাল রোববার এ রুল জারি করেন।দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও শিক্ষককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।গতকাল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকায় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। পরে মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, প্রাইভেট না পড়ায় এক শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। একই সঙ্গে নিজের অবস্থান জানাতে ওই শিক্ষককে আগামী ৭ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।