শিক্ষককে হুমকির অভিযোগে শিবিরের এক কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্রেণী কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদ করায় ছাত্রশিবিরের এক কর্মী একজন শিক্ষককে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গ্রেপ্তার হওয়ার ছাত্রশিবিরের কর্মীর নাম আবদুল হান্নান। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সূত্রের ভাষ্যমতে, আবদুল হান্নান গতকাল সকাল থেকে আরবি বিভাগের শ্রেণী কার্যক্রমে বাধা দিতে থাকেন। তিনি শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে দেন। এ সময় বিভাগের সভাপতি তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু আবদুল হান্নান বিভাগীয় সভাপতি এস এম রফিকুল ইসলামকে দেখে নেওয়ার হুমকি দেন। এ প্রসঙ্গে আরবি বিভাগের সভাপতি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের সমর্থনে হান্নান বিভাগের শ্রেণী কার্যক্রম বিঘ্নিত করার চেষ্টা করেন। এ জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে উল্টো আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁকে গ্রেপ্তারের পর থেকে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আমার মুঠোফোনে হুমকি দিতে থাকেন। এ বিষয়ে আমি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছি।’ তিনি বলেন, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌলাহ প্রথম আলোকে বলেন, ‘আরবি বিভাগের সভাপতির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘আরবি বিভাগের সভাপতিকে হুমকি ও শ্রেণী কার্যক্রমে বাধা দেওয়ার কারণে আবদুল হান্নান নামের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রেণী কার্যক্রমে বাধাদানকারী অন্যদের এখন গ্রেপ্তার করা হবে।’ এদিকে গতকাল চট্টগ্রাম নগরে শিক্ষকদের বহনকারী দুটি বাসের গাড়ির স্টার্ট দেওয়ার তালায় সুপার গ্লু দেওয়া হয়েছে। সূত্রমতে, শিবিরের কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রবিউল ইসলাম বলেন, গাড়িগুলো ঠিক করা হয়েছে। শিক্ষকেরা অন্য বাসে করে ক্যাম্পাসে আসেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল রোববার ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা বেড়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌলাহ।