কুমিল্লা সরকারি কলেজের পরীক্ষাকক্ষে শিক্ষককে ‘ঘুষি’ মারার অপরাধে দুই শিক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার নির্বাহী হাকিম মুহাম্মদ আমিনুল এহসান তাঁদের ওই সাজা দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন বিএড (সম্মান) দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের ছাত্র ফজলে রাব্বী ও রাশেদ খান। গতকালই তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গতকাল সকাল ১০টায় কলেজের পুরোনো প্রশাসনিক ভবনের ১৭ নম্বর কক্ষে বিএড (সম্মান) দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এ সময় দুই পরীক্ষার্থী ফজলে রাব্বী ও রাশেদ খান তাঁদের জন্য নির্ধারিত আসনে না বসে পেছনের বেঞ্চে গিয়ে অন্য শিক্ষার্থীদের তুলে দিয়ে বসে পড়েন। এ সময় বিএড পরীক্ষা কমিটির আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুরুর রহমান তাঁদের নির্ধারিত আসনে বসার জন্য অনুরোধ করেন। একপর্যায়ে কক্ষ পরিদর্শক জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সোহেল রানা তাঁদের নির্ধারিত আসনে বসার জন্য পুনরায় অনুরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফজলে রাব্বী কক্ষ পরিদর্শক সোহেল রানাকে ঘুষি মারেন এবং রাসেল খান ধাক্কা দেন। মুহূর্তের মধ্যে শিক্ষক পরিষদ কক্ষে ওই খবর ছড়িয়ে পড়ে।
এ সময় রাসেল খান পালাতে গেলে সাধারণ শিক্ষার্থীরা তাঁকে আটকে রেখে মারধর করেন। পরে ফজলে রাব্বী ও রাসেল খানকে কলেজের অধ্যক্ষের কক্ষে নিয়ে যান শিক্ষকেরা। এরপর অধ্যক্ষ নাজনীন রহমান জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান। পরে নির্বাহী হাকিম আমিনুল এহসান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। ভ্রাম্যমাণ আদালতের কাছে তাঁরা তাঁদের অপরাধ স্বীকার করেন। এরই পরিপ্রেক্ষিতে তাঁদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ নাজনীন রহমান বলেন, শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ওই শিক্ষার্থীদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের পরীক্ষা যথারীতি হয়েছে।