
মা মারা যাওয়ার পর ঘরের সব কাজ করেছে উপমা দাস। পড়াশোনার খরচ জোগাড়ের জন্য গৃহশিক্ষকতাও করতে হয়েছে৷ বাবা দ্বিতীয় বিয়ে করায় ছোট ভাইবোনদের দায়িত্ব নিতে হয়েছে রবিউল ইসলামকে। তাই রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানোর পরও লেখাপড়া করেছে সে। দিনমজুরের মেয়ে জান্নাতুল ফেরদাউসও গৃহশিক্ষকতা করেছে৷ ছোটবেলা বাবা মারা যাওয়ায় অভাবের সঙ্গে লড়াই করে পড়েছে নুরুল করীম। নুরুল করীম দাখিল ও অপর তিনজন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। আজ শোনাব ওদের গল্প:
মা-হারা উপমার এগিয়ে চলা: উপমা দাসের বাবা সুশান্ত দাস ভ্যানচালক। বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার তালবাড়িয়া গ্রামে। অসুস্থ থাকায় আগের মতো ভ্যান চালাতে পারেন না। তাই আয়রোজগার কম। দুই ভাইবোনের মধ্যে সে ছোট। বড় ভাই স্নাতক শ্রেণিতে পড়ে। আয় কম হওয়ায় তাদের বাবা লেখাপড়ার খরচ দিতে পারতেন না। এ অবস্থায় উপমা ও তার ভাই গৃহশিক্ষকতা করে লেখাপড়া করছে। গত বছর তার মা পূর্ণিমা দাস বিনা চিকিৎসায় মারা যান। মা মারা যাওয়ার পর থেকে রান্নাবান্নাসহ ঘরের সব কাজ করছে সে। ওর বাবার নিজের কোনো জমি নেই। ভাই ও বাবার সঙ্গে অন্যের দেওয়া জমিতে গড়া একটি ছাপড়াঘরে বাস করে সে। এসব সমস্যার মধ্যে থেকেও উপমা এবার নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। গরিব মানুষকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার জন্য ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চায় সে৷ কিন্তু টাকা না থাকায় তার কলেজে ভর্তি হওয়ার বিষয়টিই অনিশ্চিত হয়ে পড়েছে।
সংসারের ঘানি টেনে পড়ত রবিউল: ২০০৭ সালে রবিউল ইসলামের মা মারা যান। এর কিছুদিন পর তার বাবা আবদুর রাজ্জাক দ্বিতীয় বিয়ে করেন। এরপর সে তার তিন ভাই ও এক বোনকে নিয়ে আলাদা থাকতে শুরু করে। সংসার চালানোর জন্য সে রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ শুরু করে। এই আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি লেখাপড়ার খরচ চালিয়েছে। সপ্তাহে তিন দিন কাজ আর বাকি তিন দিন বিদ্যালয়ে গেছে সে। এভাবে অভাবের সঙ্গে লড়াই করে সে এবার সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। পড়াশোনা করে সে একজন প্রকৌশলী হতে চায়। তাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাওয়াক গ্রামে।
গৃহশিক্ষকতা করে পড়ত জান্নাতুল: নোয়াখালী পৌরসভার পূর্ব মহোদরী এলাকার টিনের জরাজীর্ণ ঘরে জান্নাতুল ফেরদাউসরা থাকে। ওর বাবা জহিরুল ইসলাম দিনমজুর। তিনি যা আয় করেন, তা দিয়ে সংসার চলে না। তাই ছেলেমেয়েদের পড়ালেখার খরচও তিনি দিতে পারেন না। এ অবস্থায় গৃহশিক্ষকতা করে লেখাপড়া করেছে জান্নাতুল। সে এবার নোয়াখালী উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ পেয়েছে। পড়ালেখা করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সে। বাবা জহিরুল ইসলাম বলেন, ‘সন্তানদের মুখে দুবেলা ভালো খাবার তুলে দিতে পারি না। ভাঙা ঘরে থাকি। এত অভাবের মাঝেও মেয়ে তার চেষ্টা থেকে দূরে সরে যায়নি। অন্যের ছেলেমেয়ে পড়িয়ে নিজের চেষ্টায় পড়ালেখা করে আমার ভাঙা ঘর আলোকিত করেছে।’
হার না-মানা নুরুল করীম: বাবা নেই। নেই টাকা। অন্যের জমিতে ঘর তুলে বাস করতে হয়েছে। ক্লাস শেষে গৃহশিক্ষকতা করত। রাতে বাড়ি ফিরে কুপিবাতির আলোয় পড়াশোনা। অভাবের কারণে ভালো খাবার খেতে পারেনি। পরতে পারেনি ভালো পোশাক। এ রকম হাজারো সংকটের মধ্যে থেকেও দাখিল পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। এই হার না-মানা ছেলেটির নাম নুরুল করীম। তাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদারাহ মূল কেন্দ্র এলাকায়। সে বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার ছাত্র ছিল। ওর বাবা নুরুল হক ২০০৫ সালে মারা যান। সেই সময় থেকে মা সেতারা বেগম নুরুল করীমসহ সাত সন্তানকে নিয়ে খুব কষ্টে সংসার চালিয়েছেন। নুরুল করীম এখন শহরে গিয়ে ভালো কলেজে পড়তে চায়। কিন্তু তার পরিবারের তাকে পড়ানোর সামর্থ্য নেই।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কার্ত্তিক দাস, নড়াইল; মাহবুবুর রহমান, নোয়াখালী; এনামুল হক, সিরাজগঞ্জ ও নেয়ামতউল্যাহ, ভোলা}