শিক্ষকতায় মেধাবীদের ধরে রাখা হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমান্বয়ে শিক্ষকতা পেশায় অধিক মেধাবীদের আকৃষ্ট করা ও তাঁদের ধরে রাখার উদ্যোগ নেবে সরকার। তবে শিক্ষকসমাজকে আরও বেশি নিবেদিতপ্রাণ হয়ে এ মহান পেশার প্রতি সুবিচার করতে হবে।সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনে এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শনিবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি শিক্ষক অংশ নেন। এ উপলক্ষে বিদ্যালয়চত্বর সরকারি মাধ্যমিক শিক্ষকদের পদচারণে মুখর হয়ে ওঠে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন নতুন প্রজন্ম হবে মূল হাতিয়ার। তাঁদের দক্ষ করে গড়ে তোলার ঐতিহাসিক দায়িত্ব শিক্ষকসমাজকে পালন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগতমান ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। সরকার ইতিমধ্যে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা প্রদান করেছে। শিক্ষকদের জন্য পৃথক বেতন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সমিতির সভাপতি মো. সামসুল হক স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানান। সমিতির সাধারণ সম্পাদক মো. ইনছান আলী মাধ্যমিক শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বলেন, প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার উদ্যোগও সরকারকে গ্রহণ করতে হবে। সম্মেলনে প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামসুল আলম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল প্রমুখ বক্তৃতা করেন।