শিক্ষকদের অনাগ্রহে উচ্চশিক্ষায় বাংলায় বই প্রণয়ন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের অনাগ্রহ, মানসিকতা, যথোপযুক্ত পরিভাষার অভাব, গাইড বই প্রকাশ করে সেগুলো শিক্ষার্থীদের কাছে সহজলভ্য করে তোলাসহ কয়েকটি কারণে দেশের উচ্চশিক্ষায় বাংলায় পাঠ্যপুস্তক প্রণীত হচ্ছে না। এসব বাধা অতিক্রম করে শিক্ষার সর্বস্তরে বাংলার প্রচলন করতে হবে।
গত মঙ্গলবার বাংলা একাডেমির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে শিক্ষাবিদেরা এসব কথা বলেন। ‘বাংলাদেশে উচ্চশিক্ষা স্তরে পাঠ্যপুস্তক প্রণয়নের বর্তমান অবস্থা ও সমস্যা’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয় একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে।
সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ভাষা আন্দোলনের পর থেকে স্বাধীনতা-পরবর্তী উচ্চশিক্ষায় পাঠ্যপুস্তক প্রণয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যাঁরা পড়াচ্ছেন, তাঁদের অনাগ্রহ একটা সমস্যা। নতুন সমস্যা হলো স্বাধীনতার পর নাগরিক মধ্যবিত্ত যারা ভাষা আন্দোলন করেছিল, তারা মনে করল তাদের ছেলেমেয়েদের বিদেশে পড়াতে হবে। এ জন্য ইংরেজির দরকার হলো। সবচেয়ে সমস্যা হলো মানসিকতা ও অবহেলা। নিরাশ না হয়ে তিনি বাধা অতিক্রম করে শিক্ষার সর্বস্তরে বাংলার প্রচলনের ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের চেষ্টার কথা উল্লেখ করেন।
মূল প্রবন্ধে বাংলা একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি বলেন, পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনাগ্রহ, অন্য লেখকদের প্রণীত গ্রন্থ উচ্চমানের হলেও সেটি রেফারেন্স হিসেবে গ্রহণ না করার মানসিকতাসহ কিছু কারণে উচ্চশিক্ষায় বাংলায় পাঠ্যপুস্তক প্রণয়নে সমস্যা হচ্ছে।