কুড়িগ্রাম সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষকেরা গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। ফলে কলেজের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে।
হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষকেরা গতকাল ক্যাম্পাসে মৌন মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন।
মানববন্ধনে কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জানান, পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী হামলাকারীদের গ্রেপ্তার না করায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে। এ সময় পাঠদানসহ সব ধরনের কাজ বন্ধ থাকবে।
এদিকে একই দাবিতে গতকাল সকালে কলেজের শিক্ষার্থীরা মিছিল, সমাবেশ ও কলেজ মোড় এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জীবন ও ফিরোজ, ইতিহাস বিভাগের আবদুল মতিন প্রমুখ।
শিক্ষকেরা অভিযোগ করেন, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের স্বঘোষিত কমিটির নেতা-কর্মীরা ‘ক্লিন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস’ কর্মসূচিতে অংশ নিতে জোর করে শিক্ষার্থীদের মিছিলে আনার চেষ্টা করেন। এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমান বাধা দিলে ক্ষিপ্ত হয়ে রমজান আলীর নেতৃত্বে চার-পাঁচজন তাঁকে মারধর করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ, আবু তাহের ও মামুনুর রশিদ নামের তিনজনকে আটক করে। কিন্তু মূল আসামি রমজান আলী পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই থানায় একটি মামলা করা হয়। রমজান আলীকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।